জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির একপর্যায়ে ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখে থাকা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করা হয়।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদল নেতারা জানান, গত ২৫ জুলাই পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এর প্রতিবাদে জাবিপ্রবি ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাকে তারা অনাকাঙ্ক্ষিত মনে করেন। তাদের দাবি, স্বৈরাচারবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিকৃতিগুলো অপসারণ করা হয়েছে। পাশাপাশি তারা বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

