ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণপাড়ায় সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ার পর গাছ কাটার সঙ্গে জড়িত মিন্টু প্রামাণিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

