Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে: সংস্কৃতিমন্ত্রী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তাঁর সৃষ্টিকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানুষের প্রতি গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় রয়েছে। তাই নজরুলচর্চা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের তাঁর জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত করতে হবে।

তিনি আরও বলেন, নজরুল বর্ষ উদ্‌যাপনের উদ্দেশ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নজরুলের চেতনা ধারণ করা। তাঁর সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মেলবন্ধনে গড়ে ওঠা এ দেশে ৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করছে। বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের ঐক্য ও শক্তি নিহিত। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সব জনগোষ্ঠীর একসঙ্গে বসবাসের ঐতিহ্য ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছা. রাশিদা খাতুন। আলোচনায় অংশ নেন মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, নড়াইলের এস এম আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা এবং কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলীসহ অন্যরা।

সেমিনারে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, মানবতা, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মহম্মদপুর উপজেলায় তাঁর পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।