দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ সময় ইব্রাহিম (১২) নামে অপর এক শিশুকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোস্তাকিম রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ৭-৮ জন শিক্ষার্থী পদ্মা নদীর ভাগজোত ঘাট এলাকায় ফুটবল খেলছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মোস্তাকিম ও ইব্রাহিম পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মোস্তাকিম নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের বিট অফিসারসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। নদীতে নতুন পানি প্রবেশ করায় ঘাট এলাকায় স্রোত অনেক বেশি।’
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘শিশু নিখোঁজের খবর পেয়ে আমিসহ একটি দল ঘটনাস্থলে কাজ করছি। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।’

