দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (ডিপিসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ। দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. ইয়াকুব আলী এবং নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মখলেছুর রহমান।
প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। যুক্তিতর্ক ও উপস্থাপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল চ্যাম্পিয়ন এবং পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা নুসরাত জাহান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম এবং কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লাবলুল হক। প্রতিযোগিতাটি সঞ্চালনা ও পরিচালনায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যাপক মো. ওয়াজেদ আলী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিনব্যাপী এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া।

