আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলায় ৬০৯টি পূজামণ্ডপ ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে জেলা পুলিশ। প্রতিমা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ট্রাফিক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসারসহ তিনি নিজেও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন, সে জন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সতর্ক থাকবে।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মাহমুদুর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার মন্ডল, পারুলিয়া জেলিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক উত্তম কুমার মন্ডলসহ স্থানীয় ব্যক্তিরা।

