মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মোবাইল ফোন ও টেলিভিশনের বুম মাইক্রোফোন কেড়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি এস এম তারেক।
সাংবাদিকদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে অনিয়মের দৃশ্য ধারণ করায় তাঁদের একটি কক্ষে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং কিছু সময় আটকে রাখা হয়। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে তাঁরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর আইনগত ব্যবস্থা নিতে গাংনী থানায় যান তাঁরা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, আটকে রাখা কিংবা সংবাদ ধারণের সরঞ্জাম কেড়ে নেওয়া পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

