সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ-প্রথম ধাপ (পুরুষ ও মহিলা)-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি অফিসার মো. গোলাম হারুন ও রাসেল হোসাইন, টিআই দীপাসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম বলেন, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা।” ১০ দিনের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও জনসেবার মানসিকতা আরও সুদৃঢ় হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে মোট ৮৫ জন অংশগ্রহণকারী ছিলেন। তাঁদের মধ্যে ৬৭ জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হন। অনুষ্ঠানের শেষপর্বে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

