জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে পরিত্যক্ত একটি সেচ পাম্পঘর থেকে রুপসী (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্বপাড়া এলাকার শাকিল নামে এক ব্যক্তির পরিত্যক্ত সেচ পাম্পঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুপসী চরপাকেরদহ ঘুনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে রুপসীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে একটি মেয়ের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুপসীকে শনাক্ত করেন তার বাবা সাইর উদ্দিন।
সাইর উদ্দিন জানান, তার মেয়ে নয়াপাড়া এলাকার একটি মাদরাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে গত দুই থেকে তিন বছর ধরে পড়াশোনা বন্ধ ছিল।
মাদারগঞ্জ-মেলান্দহ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ জানতে পারে, চরপাকেরদহ পূর্বপাড়ায় শাকিল নামে এক ব্যক্তির পরিত্যক্ত সেচ পাম্পঘরে এক কিশোরীর মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রুপসী নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা আরও জানান, রুপসীর পরিবারের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সে বাড়ি থেকে কাপড়চোপড় নিয়ে বের হয়ে যায়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

