দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গুড়েরপাড়া জামে মসজিদ এলাকায় শনিবার সকাল ৬টার দিকে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এর আগে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুড়িয়া মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার রাত ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ বোতল মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।”

