Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় যাওয়ার জন্য নয়, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতেই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতেই জামায়াতে ইসলামী রাজনীতি করে। জামায়াত কোনো ব্যক্তিকে নয়, আদর্শকে ক্ষমতায় নিতে চায়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে খুলনার তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে চায় না; আমরা আদর্শকে ক্ষমতায় নিতে চাই। আমরা চাই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে। দেশকে দুর্নীতি, অনিয়ম ও অন্যায়মুক্ত করতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজে জামায়াতের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক কর্মীর পাশাপাশি সমাজকর্মী হিসেবেও মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আগামী স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও বলেন, সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে তাকওয়ার মান অর্জন করতে হবে। খোদাভীরু ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। ব্যক্তিজীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে আদর্শের প্রতিফলন ঘটিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তেল, গ্যাসসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মী সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন এবং জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। এ ছাড়া মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম. এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব টুকু, মিজানুর রহমান, মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগীব, সাজ্জাদুর রহমান রাসেল, ছাত্রনেতা মিল্লাত হোসেন ও মো. ইফরাদ হোসেন উপস্থিত ছিলেন।

তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. নাহিদ হাসান।

সমাবেশে তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতারা।

কর্মী সমাবেশকে কেন্দ্র করে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তাঁদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।