Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে সমতলের চা ও সূর্যপুরী আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Link Copied!

এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের প্রকৃতি, কৃষি ও ঐতিহ্যের বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রংপুর বিভাগের কয়েকটি জেলা সফরের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে এসে তিনি সমতলের চা-বাগান ও বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী বিশাল সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেন।

সোমবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁও সফরে এসে রাষ্ট্রদূত জেলার সমতলের চা চাষের সম্ভাবনা ও কৃষকদের উদ্যোগ ঘুরে দেখেন। সবুজে ঘেরা চা-বাগানের সারি, চা চাষের পদ্ধতি এবং স্থানীয় কৃষকদের কর্মযজ্ঞ সরেজমিনে দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন।

উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সমতলে চা চাষ বর্তমানে কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের চা-বাগানগুলোতে বিপুল পরিমাণ সবুজ চা-পাতা উৎপাদন হয়েছে। এসব পাতা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছে।

চা-বাগান পরিদর্শনের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতের নজর কাড়ে বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ। বিশাল আকৃতির এ গাছটি দূর থেকে অনেকটা বটগাছের মতো দেখতে। প্রায় দুইশ বছরের পুরোনো গাছটি স্থানীয়ভাবে অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত।

গাছটির নিচে দাঁড়িয়ে রাষ্ট্রদূত এর বিশাল বিস্তৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান। স্থানীয়দের কাছ থেকে তিনি গাছটির ইতিহাস, আম উৎপাদনসহ বিভিন্ন তথ্য শোনেন।

একদিকে সমতলের সবুজ চা-বাগান, অন্যদিকে শতবর্ষী সূর্যপুরী আমগাছ—ঠাকুরগাঁওয়ের কৃষি ও প্রাকৃতিক ঐতিহ্যের এই দুই অনন্য নিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের সফরে জেলার সম্ভাবনাকে নতুন করে তুলে ধরে।

স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রদূতের এ সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের চা, কৃষি ও পর্যটনের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবে। একই সঙ্গে সূর্যপুরী আমগাছকে ঘিরে পর্যটন অবকাঠামো গড়ে উঠলে স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।