কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সঙ্গে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা নবাগত ইউএনও আমির সালমান রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।
আমির সালমান রনি গত ১ সেপ্টেম্বর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জে। তিনি ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন।
মতবিনিময়কালে ইউএনও আমির সালমান রনি বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও সমস্যাগুলো তুলে ধরে প্রশাসনের কাজে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।”
তিনি কচুয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
মতবিনিময় সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, সাংবাদিক সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাংবাদিক সিকদার ছাইদুল ইসলাম, সিকদার ময়নুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, খান সুমন, শেখ রাসেল, মো. মুন্না ও ইমরানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

