আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। মুক্তার গাজী ওই এলাকার আতিয়ার রহমান গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। রাতে অজগরটি ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে এবং ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে দাবি করেন বাড়ির মালিক।
মুক্তার গাজী বলেন, রাতে অজগরটি মুরগির ঘরে ঢুকে পড়ে। সকালে দেখতে পান মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চের আলো দিয়ে ঘরের ভেতর তাকিয়ে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত বন বিভাগ ও সিপিজি সদস্যদের জানান।
খবর পেয়ে বন বিভাগ ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের ভেতরে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে বড় আকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন প্রায় ২৫ থেকে ৩০ কেজি। উদ্ধার শেষে এটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় মাঝেমধ্যে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব প্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে।
বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে।

