স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার আকদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হামলার ঘটনায় গুরুতর আহত সাইফুল বিশ্বাসকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়ির দিকে গিয়ে পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজমল বিশ্বাসের লোকজন সাইফুল বিশ্বাসের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
বুধবার বিকেলে নড়াইল জেলা হাসপাতালে নিহত সাইফুল বিশ্বাসের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

