নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ মোড় এলাকার শিব বিগ্রহ মন্দির থেকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
এ শোভাযাত্রায় উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয় ব্যক্ত করা হয়। শোভাযাত্রাটি শিবগঞ্জ মোড় থেকে শুরু হয়ে মহাদেবপুর উপজেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন শিব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি মিলন কুমার সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক উদয় কুমার হালদার, সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা ও সহ-সভাপতি উজ্জল কুমার সরকার, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইমরুল কায়েস, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু।
আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে শিবগঞ্জ মোড় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

