Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, গাছের ডাল কেটে বিক্রি, সরকারি বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যয় না করা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সম্পত্তি দাতা পরিবারের সদস্য ও এলাকাবাসীর পক্ষে মো. রফিকুল ইসলাম চৌধুরী (আলম) গত ২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোছা. সামসাদ বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা একটি রেইনট্রি গাছের ডাল কোনো ধরনের সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই কেটে বিক্রি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিদ্যালয়ের খেলাধুলার জন্য সরকারি বরাদ্দ পাওয়া অর্থ ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের খেলাধুলার পুরস্কার বিতরণে ব্যয় করা হয়নি। একই সঙ্গে বিদ্যালয়ে কোনো ঝাড়ুদার না থাকা সত্ত্বেও জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ঝাড়ুদার বাবদ অর্থ উত্তোলনের অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের আসবাবপত্রের কোনো তালিকা নেই এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত ও প্রস্থান করেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আওলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সামসাদ বেগম বলেন, “আমার বিরুদ্ধে করা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এসব অভিযোগ করেছে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।