Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত রকিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয়দের দাবি, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর প্রতিবাদে শুক্রবার রাতে মাদকসেবী ও মাদক কারবারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেন স্থানীয়রা।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্থানীয়রা খবর পান, সিরাজনগরের একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। পরে স্থানীয়রা সেখানে গেলে রকি হোসেন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে রকি হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, রকি হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্থানীয়রা অস্ত্র ও ককটেলসহ রকি হোসেন নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।