হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় মালিকপক্ষের সঙ্গে ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড কার-মাইক্রো চালক সমিতির চালকেরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নওগাঁ সড়কে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন চালকেরা। এ সময় তাঁরা কার-মাইক্রো চলাচল বন্ধ রাখেন।
ধর্মঘটে চালকেরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের সঙ্গে ভাড়া নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েকজন মালিক নিজেরাই গাড়ির ভাড়া নির্ধারণ করছেন। তাঁদের দাবি, ভাড়া নির্ধারণের বিষয়টি মালিকপক্ষের হাতে থাকার কথা নয়। দাবি-দাওয়া ও ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা গাড়ি চালাবেন না।
চালকেরা আরও জানান, মালিকপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান না করলে অনির্দিষ্টকালের জন্য কার-মাইক্রো চলাচল বন্ধ থাকবে।
এ সময় বক্তব্য দেন নজিপুর কার-মাইক্রো চালক সমিতির সভাপতি পবন রায় ও সাধারণ সম্পাদক সমর কুমার সরকার। এছাড়া সমিতির অন্যান্য সদস্য ও চালকেরা উপস্থিত ছিলেন।
চালকদের ধর্মঘটের কারণে নজিপুর থেকে বিভিন্ন রুটে কার-মাইক্রো চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

