মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬২-৬০৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে মোটরসাইকেল চালক হৃদয়কে উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যে তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সাজ্জাদ আহত হন। তাঁর বাবার নাম রবিউল আউয়াল। তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

