কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকায় মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ডিলার খন্দকার মহব্বত হোসেনকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, সময়মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে সারসহ কৃষি উপকরণের বাজারে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

