আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবহাটা থানার আয়োজনে কুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কাবাডি খেলোয়াড়রা অংশ নেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, বিএনপি নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল খোকনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় ও ঐতিহ্যবাহী খেলা। গ্রামগঞ্জে এখনো এই খেলা জনপ্রিয়। আমাদের ঐতিহ্য ও জাতীয় খেলাকে ধরে রাখতে দেশব্যাপী থানা প্রশাসনের মাধ্যমে এ আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল যেন জেলা পর্যায়ে সম্মানজনক অবস্থানে যেতে পারে, সেজন্য ভালো খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী দল গঠন করা হবে।’
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়নশিপ কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় থানা পর্যায়ে দল গঠনের লক্ষ্যে দেবহাটায় এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।

