সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।জ
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে কিশোরীদের অভিভাবকদের নিয়েও উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করা ১২ জন কিশোরীর মধ্যে মোট ৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৭৪ জনের মধ্যে ব্যাগ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাগেরহাট বিআরডিবির উপপরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুর রহমান ও শিক্ষক হোসনেয়ারা খাতুন।
বক্তারা কিশোরীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

