শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়ালন্দ শহরের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা নেন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। তারা হলেন—ঢাকা পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসাইন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মাসাউন্নাহার বনানী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. এ বি এম ফেরদৌস রহমান।
এ ছাড়া স্থানীয় চিকিৎসকরাও ক্যাম্পে সহযোগিতা করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ কিনতে তাদের অনেক টাকা খরচ হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
শেফালী আক্তার নামে এক রোগী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার কোমরের হাড় ভেঙে যায়। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। পরে জানতে পারি এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এসে অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নিয়েছি। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হবে জানালে জাহাঙ্গীর খান আমাকে ওষুধ কেনার টাকাও দিয়েছেন।’
মেডিকেল ক্যাম্পের উদ্যোগ সম্পর্কে মো. জাহাঙ্গীর খান বলেন, ‘আমি গোয়ালন্দ পৌরবাসীর সেবা করতে চাই। জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। পৌরসভার মানুষ কীভাবে ভালো থাকবে, সেই চিন্তা থেকেই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গোয়ালন্দ পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণ আমাকে চাইলে ইনশাআল্লাহ সারা জীবন তাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।’
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় রোগী ও তাদের স্বজনরা। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

