শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দুদুখান পাড়ার বাসিন্দা ডা. কোবাদ হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. কোবাদ হোসেন উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ডা. মো. মহোসিনের একমাত্র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্যন্ত্রসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শুক্রবার বাদ জুমা দুদুখান পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পাশের জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

