পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান ফটকসংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠসংলগ্ন রামেরডাঙ্গা এলাকার জালালের ছেলে মো. বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) এবং আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

