মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ী উপজেলায় পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বিদ্যালয়ের সামনে খেলতে যায়। একপর্যায়ে তারা ডোবায় পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহত ওবায়দুল্লাহ উপজেলার জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
খবর পেয়ে খালিয়াজুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নিশ্চিত করেন।
খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

