নড়াইল প্রতিনিধি
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে র্যালির নেতৃত্ব দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন আব্দুর রশিদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হক, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ঢাকায় জাতীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।
কর্মসূচিতে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

