উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মতামত, চাহিদা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শালবন মিলনায়তনে বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার। সঞ্চালনা করেন সিস্টেম সাপোর্ট অফিসার মারছিয়া নওমি রোজা।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক, ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, একটি এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের মতামত, চাহিদা ও বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব হবে।
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও জীবিকায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও জনগণের সম্মিলিত উদ্যোগই একটি এলাকার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে পারে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় পর্যায়ে জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। জনগণের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

