শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাগেরহাটের চিতলমারীর অসুস্থ ও অসহায় প্রবীণ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামে জুড়ান মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) অনলাইন নিউজ পোর্টাল নবধারাসহ বিভিন্ন গণমাধ্যমে জুড়ান মণ্ডলের শারীরিক অসুস্থতা, চিকিৎসাসেবার অভাব ও আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে লেখকের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
এ সময় ইউএনও খাদিজা আক্তার জুড়ান মণ্ডলের পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি ও সাংবাদিক পঙ্কজ মণ্ডল উপস্থিত ছিলেন।
ইউএনও খাদিজা আক্তার বলেন, “বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সাংবাদিকদের মাধ্যমে আমরা তাঁর সংকটের কথা জানতে পারি। প্রশাসনের পক্ষ থেকে তাঁর জন্য যতটুকু সম্ভব, আমরা সহায়তার ব্যবস্থা করেছি। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।”
উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন জুড়ান মণ্ডলের পরিবারের সদস্যরা। এ জন্য তাঁরা ইউএনও ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও জুড়ান মণ্ডলের অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরা এবং সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের দ্রুত সহায়তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

