ফেনী প্রতিনিধি
মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছেন স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মির্জাপুর বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন সড়কে পূর্ব মির্জাপুর ও ইসমাইলপুর যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম, বায়তুন নূর জামে মসজিদের খতিব ওলি আহমদ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই মুহুরী, সেক্রেটারি আব্দুল আউয়াল, সহ-সেক্রেটারি আবুল বশর, স্থানীয় এমরান হোসেন চৌধুরী, নুরুল আফসার, শাহ আলম ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

