Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ‘সুখী’র সঙ্গে ডায়াবেটিস সমিতির প্রাতিষ্ঠানিক চুক্তি

পঞ্চগড় প্রতিনিধি 
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে গ্রামীণ হেলথটেক লিমিটেডের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’র সঙ্গে পঞ্চগড় ডায়াবেটিস সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালের প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় ডায়াবেটিস সমিতির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ডায়াবেটিস সমিতির সেক্রেটারি এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের। বিশেষ অতিথি ছিলেন সমিতির ট্রেজারার শাহজাহান খান, ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈম, হেলথ এডুকেটর রাহাত পারভেজ অপু, প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুজ্জামান সোহেল, হিসাবরক্ষক সোহেল রানা তালুকদার, স্টোর কিপার মো. রাশেদুল ইসলাম সুজন, যুগ্ম ট্রেজারার মো. আনোয়ার হোসেন এবং প্রতিষ্ঠানের ল্যাবরেটরি ইনচার্জ এস.এম. সাদেকুজ্জামান সয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

চুক্তির মাধ্যমে গ্রামীণ হেলথটেক লিমিটেডের ‘সুখী’ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সঙ্গে পঞ্চগড় ডায়াবেটিস সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পঞ্চগড় ডায়াবেটিস সমিতির সেক্রেটারি এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, রোগীদের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে রোগীদের প্রয়োজন অনুযায়ী আরও বিভিন্ন সেবার সঙ্গে এ কার্যক্রম সমন্বয়ের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুগ্ম ট্রেজারার মো. আনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শুধু চিকিৎসা প্রদানই যথেষ্ট নয়; রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাসংক্রান্ত তথ্যের সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি। তাই নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে রোগী ও স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করা সম্ভব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পঞ্চগড় ডায়াবেটিস সমিতির প্যাথলজি বিভাগের বিভিন্ন কার্যক্রম ও আধুনিক সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখানো হয়। এ সময় সাংবাদিকরা প্যাথলজি বিভাগের আধুনিক ও সুসজ্জিত ল্যাবরেটরি, প্রযুক্তিনির্ভর বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং নতুন সংযোজিত সেবাসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, রোগীদের দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দিতে প্যাথলজি বিভাগে আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এর ফলে একই প্রতিষ্ঠানে রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া রোগীদের জন্য নতুন করে নরমাল ডেলিভারি সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবার সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো ও অপারেশন থিয়েটার সুবিধা সংযুক্ত করার কার্যক্রমও রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য নিরাপদ ও প্রয়োজনীয় মাতৃস্বাস্থ্যসেবা প্রদানের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা আরও জানান, আধুনিক প্যাথলজি সেবা, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং নতুন চিকিৎসাসেবা সংযোজনের মাধ্যমে পঞ্চগড় ডায়াবেটিস সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিস হাসপাতালকে একটি সমন্বিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে।

অনুষ্ঠানের শেষপর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে রোগীদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।