দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার শহরতলীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি সারের দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল ডিএপি সার ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

