ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় নারী ও এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়ায় রেললাইনসংলগ্ন একটি মাছের আবাদি খাল থেকে ওই নারীর এবং দুপুরে মোকারিমপুর ইউনিয়নের বাহাদুরপুর-জামালপুর খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া ৩ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে একটি খালের পানিতে নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, দুপুরের দিকে মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের হাসান মেকারের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে জিহাদের মরদেহ বাহাদুরপুর-জামালপুর খালের মাটি কাটার পর তৈরি হওয়া একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তাঁর মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, কিশোর জিহাদের মরদেহের ময়নাতদন্ত নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

