মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আম্রঝুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মশিয়ার রহমানের প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে তার একটি বাঁশঝাড় রয়েছে। ওই এলাকায় নিয়মিত শিয়ালের উৎপাত দেখা যায়। শিয়াল বাড়িতে ঢুকে হাঁস-মুরগি ও বিভিন্ন গৃহপালিত প্রাণী ধরে নিয়ে যাওয়ায় তা ঠেকাতে হাফিজুর রহমান বাঁশঝাড়ের পাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতেছিলেন। রাতে ওই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হতো।
মঙ্গলবার সকালে মশিয়ার রহমান বাঁশ কাটতে ওই বাঁশঝাড়ে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

