নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে আগামী ১৫ দিনের মধ্যে জেলার ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা।
গাজীপুর জেলা প্রশাসনের ১৫ সপ্তাহব্যাপী ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ শীর্ষক কর্মপরিকল্পনার অষ্টম সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে যানবাহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাতের বাজার এবং সাধারণ মানুষের অসচেতনতাকে অতিরিক্ত হর্ন বাজানোর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন পরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিরা। একই সঙ্গে শব্দদূষণ কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “গাজীপুর জেলাকে আমরা শান্তির গাজীপুর করতে চাই। শব্দদূষণমুক্ত রাখতে চাই এবং যানবাহনের হর্নের যন্ত্রণা থেকে মুক্ত রাখতে চাই। তবে একেবারে মুক্ত রাখা সম্ভব না হলেও নিয়মের মধ্যে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।”
তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া হর্ন বাজানো উচিত নয়। হর্ন বাজানো উচিত কেবল নিজেকে বিপদমুক্ত রাখতে, অন্যকে বিপদে ফেলার জন্য নয়। শব্দদূষণ কমানোর গুরুত্ব বোঝাতে তিনি নিজে কোনো হর্ন না বাজিয়ে ৩২ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে আসার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
মতবিনিময় সভায় পরিবহন মালিকরা জানান, আগামী ১৫ দিনের মধ্যে জেলার ১ হাজার ৫০০ যানবাহনে থাকা অবৈধ হাইড্রোলিক হর্ন নিজ দায়িত্বে অপসারণ করা হবে। জেলা প্রশাসক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, গাজীপুর পরিবহন মালিক সমিতির সদস্য ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়নসহ সংশ্লিষ্টরা।
সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

