ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমিন, উদ্যোক্তা মাসুদ রানা, সেলিনা আক্তার ও আশরাফুল ইসলামসহ অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প ও সেবা খাতে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দক্ষতার উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন অর্জনে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

