নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার আটতলা মেট্রিক্স গার্মেন্টস ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে কারখানা থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কারখানাটির আশপাশে কোনো পুকুর বা পানির উৎস নেই। পাশাপাশি কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

