নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বস্তার ভেতর থেকে ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গীর গুটিয়া আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে বস্তার ভেতর এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়।
পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলসদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ককটেলের মতো ১০টি বস্তু দেখতে পাওয়া যায়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে সেগুলো নিষ্ক্রিয় করেছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বস্তুগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুটিয়া আন্ধারুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে সকালে বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

