কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলার ৩৫ নম্বর শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী পৃথা আরুশী জাতীয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এটিএন বাংলার একটি নিয়মিত অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পী পৃথা আরুশী। তার নৃত্য পরিবেশনা দর্শক ও অনুষ্ঠানে উপস্থিত কলাকুশলীদের প্রশংসা কুড়ায়।
পৃথা আরুশীর এই পরিবেশনে তার বিদ্যালয়ের পাশাপাশি ডাসার উপজেলার সাংস্কৃতিক অঙ্গনেও আনন্দের সৃষ্টি হয়েছে।
পৃথার মা পূরবী সরকার ১৪৫ নম্বর পশ্চিম শশিকর ওয়াপদার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বাবা প্রণব বাড়ৈ। মেয়ের এই অর্জনে তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। পৃথার ভবিষ্যৎ জীবন ও শিল্পচর্চায় ধারাবাহিক সাফল্যের জন্য তারা সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

