কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নকল্পে গঠিত কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।
সেমিনারে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণা কার্যক্রম জোরদার, মানসম্মত প্রকাশনা, আন্তর্জাতিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি র্যাঙ্কিং উন্নয়নে গঠিত কমিটির অগ্রগতিও তুলে ধরা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়নে সংখ্যার চেয়ে গবেষণা ও শিক্ষার গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে হবে। বেশি সংখ্যক গবেষণা প্রকাশনার চেয়ে মানসম্মত ও উচ্চমানের গবেষণা এবং আন্তর্জাতিক মানের প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গবেষণা, ইনোভেশন, কোয়ালিটি এডুকেশন ও কমিউনিটি ইনভলভমেন্টকে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, গ্লোবাল র্যাঙ্কিং উন্নয়নের জন্য বর্তমান প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বাড়াতে মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানের প্রকাশনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সময়মতো পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করার কাজও চলছে।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া ও প্রয়োজনীয়তা নির্ধারণে কমিটি কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্জন এবং যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন, শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আন্তর্জাতিকীকরণ ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কাজ করছে। র্যাঙ্কিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়; শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ চলমান কার্যক্রম যথাযথভাবে নথিবদ্ধ করা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জনই প্রশাসনের লক্ষ্য।

