কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পালসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজার সময় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

