Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ল্যাপটপের খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

রাজশাহী প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীতে এসে তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমরা সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।”

ক্রিল ল্যান্ডার জানান, বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় নিজের জিনিসপত্র এক ব্যক্তির কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর জিনিসপত্র নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। ব্যাগে তাঁর ম্যাকবুক ও ক্যামেরা ছিল।

ঘটনার পর নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান এবং ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করেন। ল্যান্ডার বলেন, “সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।”

তিনি জানান, ল্যাপটপের মধ্যে কোনো পাসপোর্ট ছিল না। তাঁর পাসপোর্ট ও মুঠোফোন তাঁর কাছেই রয়েছে। তবে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর বলেও জানান তিনি। এ ঘটনায় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে উল্লেখ করেন এই পর্যটক।

রাজশাহী রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার পর ওই পর্যটক নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিয়ে নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি কাজ শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টায় প্রথমে রাজশাহীর রেলগেট এলাকায় এর অবস্থান পাওয়া যায়। বুধবার রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে আসেন। পরে ল্যাপটপটির অবস্থান রাজশাহী মহিলা কলেজের আশপাশে শনাক্ত হয়। এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। পরে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। তবে ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে। সেই ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।