ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নলছিটি পৌর মার্কেট এলাকায় জেলা তথ্য অফিসের সহযোগিতায় ও ইউনিসেফের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান।
কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয়রা পৌর মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
এ সময় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়। দিনের বেলাতেও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে ঘরে-বাইরে সতর্ক থাকা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক প্রচারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন বা কোনো সংগঠনের একক উদ্যোগ যথেষ্ট নয়। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

