দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে একটি মিনি ট্রাক। ট্রাকটি উদ্ধার করতে না পেরে মাছ ও জালসহ সেটি ফেলে পালিয়ে যায় চোরেরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুকুরের মালিক মো. কবির হোসেনের দাবি, চোরেরা তাঁর পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি করেছে, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
পুকুরের মালিকের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, কিশোরপুর গ্রামে লিজ নেওয়া পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন কবির হোসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ফাহিমকে নিয়ে পুকুরের চারপাশ ঘুরে দেখার পর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে পুকুরের দিকে যাওয়ার সময় স্থানীয় গোলাম রাসুলের কাছ থেকে পুকুরে মাছ চুরির খবর পান কবির। পরে পুকুরপাড়ে গিয়ে পানিতে জাল টানার চিহ্ন, মাছের বস্তা ও জাল তোলার আলামত দেখতে পান। পুকুরের চারপাশের গাছের ডালও মাড়ানো অবস্থায় পাওয়া যায়।
এরপর খবর আসে, কানপাড়া থেকে দুর্গাপুরগামী পাকা সড়কের কিশোরপুর মোড়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে আছে। সেখানে গিয়ে কবির দেখতে পান, ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে রয়েছে। ট্রাকের ওপর ও আশপাশে মাছভর্তি বস্তা এবং জাল পড়ে ছিল। পাশের একটি পুকুরের পানিতেও মাছের বস্তা ও মাছ ভাসতে দেখা যায়।
পুকুর মালিকের অভিযোগ, রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি করে মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়লে চালক ও চোরেরা মাছ ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
কবির হোসেন বলেন, ‘পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। মাছ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

