হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া ও সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
আহতরা হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ ভাটার কিলিং বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং অপর দুই শ্রমিক গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

