Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ৭৫ মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার ব্যাপক প্রস্তুতি চলছে। খড়, বাঁশ, সুতলি ও কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও পূজার আয়োজকেরা।

এ বছর উপজেলার ৭৫টি মণ্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে কারিগর সংকট ও ব্যয়বহুলতার কারণে অধিকাংশ মণ্ডপের জন্য পার্শ্ববর্তী রংপুরসহ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে প্রতিমা সংগ্রহ করা হচ্ছে। মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একটি প্রতিমা তৈরি করতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। তাই সামর্থ্য অনুযায়ী প্রতিমা সংগ্রহ করতে হচ্ছে তাঁদের।

শাস্ত্রমতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং নৌকায় কৈলাসে ফিরবেন। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপগুলো। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব।

উপজেলার তালুক সাহাবাজ সেনপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি ইন্দ্রজিৎ সরকার ভুট্টু বলেন, পূজার দিনগুলোতে প্রতিমা দর্শন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে নানা বয়সী মানুষ মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গোৎসব উপভোগ করবেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল বলেন, দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। সবার সহযোগিতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।