গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পলাশ সরকার পিএএ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, প্রতিটি পূজামণ্ডপে দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, সদস্যসচিব ইমদাদুল হক পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ সরদার ও আনোয়ারা বেগম।
এ ছাড়া বীর বিক্রম সুধীর দাস, ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস, পরিতোষ কুমার নন্দীসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

