Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কাটার ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে মারধর, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে। নির্যাতনের শিকার রিক্তা বেগম (২৮) ওই গ্রামের সৌদি প্রবাসী রাজিব বেপারীর স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক ওই নারীকে চেয়ারে বসিয়ে ধরে রেখেছেন, আরেকজন কাঁচি দিয়ে তাঁর চুল কাটছেন। এ সময় তাঁকে চিৎকার ও আকুতি করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে রাতের আঁধারে এক নারী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) রিক্তা বেগম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই দিন গভীর রাতে তাঁর কক্ষে এক যুবককে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের আটক করেন। পরে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। রোববার বিকেলে ওই নারীর চুল কেটে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আটক যুবককেও ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় সুমন হোসেন (২৬) ও জয় হোসেন (২৮) নামে দুই যুবকের বিরুদ্ধে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকে তাঁদের পাওয়া যাচ্ছে না। তাঁদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য আ. জলিল মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যায়ের বিচার করার আইনি প্রক্রিয়া রয়েছে। কিন্তু এভাবে কোনো নারীকে নির্যাতন ও তাঁর চুল কেটে দেওয়া অত্যন্ত মর্মান্তিক।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নজরে আসার পর পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।