কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পৌর সুপার মার্কেটে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং জনতা ব্যাংক পিএলসি, কোটালীপাড়া শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোটালীপাড়ার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জনতা ব্যাংক পিএলসি, কোটালীপাড়া শাখার মো. শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক মো. সোহানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া বেসিক ব্যাংকের শাখা ইনচার্জ মনোজ কুমার মণ্ডল, গোপালগঞ্জ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার শেখ সালাউদ্দিন ইউসুফ, কোটালীপাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. মাসুম বিল্লাহ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক কাজী মিনার মাহমুদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল ইসলাম এবং কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।
সভায় বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পদ্ধতি, এর ব্যবহার এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে এ পদ্ধতি জনপ্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নিরাপদ, সহজ ও আধুনিক লেনদেনব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

